মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে অনলাইন ও সশরীর ক্লাসের সমন্বয়ে নতুন পদ্ধতি চালু হবে কি না—সে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৯ এপ্রিলের মন্ত্রিসভার বৈঠকে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকের আগে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবে এবং সেই আলোচনার ভিত্তিতেই প্রস্তাব চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে।
এর আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার প্রস্তাব রয়েছে। এর মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদান করা হতে পারে। অর্থাৎ এক দিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অনলাইন ক্লাস চললেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। তবে ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস কার্যকরভাবে বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। তাদের মতে, এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও শ্রমজীবী পরিবারের হওয়ায় সবার জন্য অনলাইন ক্লাস নিশ্চিত করা কঠিন। করোনা মহামারির সময়ও একই ধরনের চ্যালেঞ্জ দেখা গিয়েছিল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাস্তবতা বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটিসহ প্রায় ৪০ দিনের বিরতির পর গত ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। এর মধ্যেই জ্বালানিসংকটের প্রভাব মোকাবিলায় নতুন করে পরিকল্পনা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এখন সবকিছু নির্ভর করছে ৯ এপ্রিলের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ওপর।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |