পবিত্র ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেড়েই চলেছে। প্রশাসনের নজরদারি জোরদার থাকলেও একশ্রেণির অসাধু পরিবহন সিন্ডিকেট যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে।
রাজধানীর মহাখালি বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঘরমুখো যাত্রীদের চাপকে কাজে লাগিয়ে নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে। যাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ রুটে স্বাভাবিক সময়ে যে ভাড়া নেওয়া হয়, ঈদ উপলক্ষে তা দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।
রেলপথকে সাধারণত নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা চালু করলেও অসাধু চক্রের দৌরাত্ম্যে অনেক যাত্রী কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করছে, ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।
এদিকে ঈদ যাত্রাকে কেন্দ্র করে সড়কপথে ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অদক্ষ চালক এবং অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত গতির কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
যাত্রীরা দ্রুত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |