| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু: “ভয়ের কারণ নেই” — স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 1344 বার পঠিত
গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু: “ভয়ের কারণ নেই” — স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু: “ভয়ের কারণ নেই” — স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় হাম ও রুবেলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম চালু হয়েছে। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নেই।”

টিকার সরবরাহ নিয়ে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী জানান, দেশে টিকার কোনো ঘাটতি থাকবে না। যেখানে সাময়িক ঘাটতি রয়েছে, তা দ্রুত পূরণের জন্য কাজ চলছে। হাম প্রতিরোধে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এ কার্যক্রমে সহযোগিতা করছে।

তিনি বলেন, এই কর্মসূচি সফল করতে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, গাজীপুরের সিভিল সার্জন ডা. হারুন অর রশিদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, WHO ও ইউনিসেফের প্রতিনিধিরা।

এদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ৪৬ জন চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশু ভর্তি হয়েছে, ছাড়পত্র পেয়েছে ২০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিনব্যাপী এই কর্মসূচি জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।

এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে অভিভাবকদের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, সময়োপযোগী এই উদ্যোগের মাধ্যমে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ন্ত্রণে এনে শিশুদের সুস্থ ও নিরাপদ রাখা সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, অভিভাবকদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই কর্মসূচির সাফল্যের মূল চাবিকাঠি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা