মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী এলাকায় হক ফুড ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন, গাজীপুর; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুর এবং বিএসটিআই, গাজীপুরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় এ সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া, বিএসটিআইয়ের পরিদর্শক আফসানা ইসলাম কেয়াসহ আনসার, মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানকালে কারখানার অভ্যন্তরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও উৎপাদন করতে দেখা যায়। এছাড়া খাদ্য উৎপাদনে ব্যবহৃত সংযোজন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ও লেবেলিং করা হয়নি। উৎপাদিত খাদ্যপণ্যের সেলফ লাইফ স্টাডি ও প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্টও কর্তৃপক্ষ উপস্থাপন করতে পারেনি।
এ সময় কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকা ও মাছির উপস্থিতি পরিলক্ষিত হয়। পাশাপাশি খাদ্য সংযোজন দ্রব্য নির্ধারিত মাত্রায় ব্যবহারের প্রমাণক বা প্রয়োজনীয় রেকর্ড এবং খাদ্যপণ্যের ক্রয়সংক্রান্ত চালান, রশিদ ও অন্যান্য নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে।
মোবাইল কোর্ট সংশ্লিষ্টরা জানান, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধানের পরিপন্থী।
অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৩ ও ৩৮ অনুযায়ী হক ফুড ইন্ডাস্ট্রি লিমিটেডকে ৪,০০,০০০ (চার লাখ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি রোধে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্যও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |