মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ আগস্ট মঙ্গলবার সকাল ৮টায় কড্ডা বাজার সংলগ্ন গেন্ডারি ঘাট থেকে নৌকা ভ্রমণটি যাত্রা শুরু করে। দিনব্যাপী এ আনন্দভ্রমণের গন্তব্য ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ও দর্শনীয় মহেড়া জমিদার বাড়ির ঘাট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া। এ সময় বাজার কমিটির কর্মকর্তা, সদস্য ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী নৌকা ভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য ছিল চা, কফি, টিফিন এবং মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন। ভ্রমণের পুরো সময়জুড়ে আনন্দ-উল্লাসে মুখর ছিল নৌকা। আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, অভিনয়, কবিতা আবৃত্তি, কৌতুকসহ বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল ফিরতি পথে আয়োজিত র্যাফেল ড্র ও বিশেষ লটারি অনুষ্ঠান। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় একটি ৩৬ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন। এছাড়া মোট ৩০টি মূল্যবান পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। পুরস্কার বিতরণকে ঘিরে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতেই প্রতিবছর এ ধরনের আনন্দভ্রমণের আয়োজন করা হয়।
সবশেষে সংগঠনের ঐক্য অটুট রাখা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আগামী দিনের পথচলা আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি রায়হান আল মাহমুদ রানা। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী বার্ষিক নৌকা ভ্রমণের সমাপ্তি ঘোষণা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |