| বঙ্গাব্দ
ad728
ad728

মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 29-09-2026 ইং
  • 84 বার পঠিত
মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান
ছবির ক্যাপশন: ফাইল ফটো

মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:

নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হলো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬। বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।


এ বছর লেখক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নদীবিষয়ক লেখক ও সেভ দ্য রিভার মুভমেন্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী। গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।


সাংবাদিকতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ এবং দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ মামুন। সংগঠন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোঙর ট্রাস্ট বাংলাদেশ। সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন নোঙর ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেন, নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নদী দখল ও দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। নদীকে শুধু পানি প্রবাহের মাধ্যম হিসেবে নয়, দেশের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড নদী ও জলসম্পদ সংরক্ষণে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাঁদের স্বীকৃতি ও সম্মাননা অন্যদেরও নদী রক্ষায় উৎসাহিত করবে। নদীর প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের নদ-নদীর বর্তমান অবস্থা ও নদীর সঙ্গে মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিশ্ব নদী দিবসের প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলো ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীবন, অর্থনীতি, কৃষি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। নদী দখল, দূষণ ও নাব্যতা সংকট মোকাবিলায় সরকার, গবেষক, গণমাধ্যম, পরিবেশ সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নদী রক্ষায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়ার এ ধরনের উদ্যোগ এ আন্দোলনকে আরও গতিশীল করবে।

আন্তর্জাতিকভাবে নদী রক্ষায় কাজ করা কিংবদন্তি পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর অবদান স্মরণ করে ২০২৪ সালে প্রথমবারের মতো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।

অনুষ্ঠানে নদী, পরিবেশ ও জলবায়ু বিষয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি, সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা