ইসমাইল হোসেন নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান নয়াপাড়া গ্রামে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে বানিয়াজান নয়াপাড়া গ্রামের মৃত আলিম চাটুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মেহেদী হাসান মুতালেব বৃহস্পতিবার (১৮ জুন) ধান ভাঙানোর জন্য পাশের একটি রাইস মিলে ধান নিয়ে যান। ধান ভাঙিয়ে ফেরার পথে তার সঙ্গে একই গ্রামের মৃত আলিম চাটুর ছেলে মুঞ্জুরুল ইসলাম পনেলের দেখা হয়। এ সময় কেন তাদের মিলের পরিবর্তে অন্য মিলে ধান ভাঙানো হয়েছে—এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, ওই রাতেই মুঞ্জুরুল ইসলাম পনেল ফোনে মেহেদী হাসান মুতালেবকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। পরদিন সকালে ধান ভাঙিয়ে ফেরার সময় পনেল, তার ছেলে পাপ্পু ও শান্ত, স্ত্রী শাহানাজ, শান্তর স্ত্রী শাপলা এবং পাপ্পুর স্ত্রী সুম্মা মিলে মুতালেবের ধানের গাড়ির গতিরোধ করেন।
এ সময় ধান ভাঙানোর খরচ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে মেহেদী হাসান মুতালেবের মা খাদিজা বেগম (৬৫) ও বোন রাজিয়া খাতুন (৪০) আহত হন। অপরদিকে প্রতিপক্ষের শাহানাজ বেগমও আহত হন। আহত খাদিজা বেগম ও রাজিয়া খাতুনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহানাজ বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ধনবাড়ী থানার সাব-ইন্সপেক্টর বজলুর রহমান জানান, "৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং আইনগতভাবে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |