সিনিয়র রিপোর্টার: মোঃ রোকনুজ্জামান নিউজ বাংলা অনলাইন ঢাকা।
চব্বিশের গণঅভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় এবারই প্রথম কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার–এ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় নেতা ও দলটির আমীর শফিকুর রহমান নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি।’
এতদিন জামায়াত কেন শহীদ মিনারে আসেনি—এমন প্রশ্নে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এমন পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন না করাই ভালো।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হুসেইনসহ জোটের নেতারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয় পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত। তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মোট আসন ৭৭টি। এরই মধ্যে শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহীদ মিনারে জামায়াতের এ উপস্থিতি দেশের সমসাময়িক রাজনীতিতে একটি প্রতীকী তাৎপর্য বহন করে; যা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা তৈরি করতে পারে।