মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-এর নবাগত জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেছেন, তিনি জনগণের সেবা করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিতে এসেছেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে গাজীপুরে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য। আমি নিজে থেকে আসিনি এবং কোনো তদবির করেও এখানে যোগদান করিনি। তাই আমার কাছে কেউ কোনো অবৈধ তদবির বা অযাচিত দেনদরবার করবেন না—এটাই আমার অনুরোধ।”
তিনি আরও বলেন, যেকোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।
প্রথমত, কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য কি না;
দ্বিতীয়ত, তা অর্থনৈতিকভাবে কোনো ক্ষতির কারণ হবে কি না;
তৃতীয়ত, পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে কি না।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমি কোনো ফুলের মালা চাই না; কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। মানুষ তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। আমি গাজীপুরবাসীর সেবায় নিয়োজিত থাকতে চাই। জেলার উন্নয়ন ও অগ্রগতি সাধনই আমার মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাব-এর তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মো. মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সাংবাদিক রেজাউল বারী বাবুলসহ অন্যান্যরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |