| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে কয়েকটি স্থানে ‘টর্চার সেল’ থাকার অভিযোগ, তদন্তের নির্দেশ

রিপোর্টারের নামঃ MD Sobuj Hasan
  • আপডেট টাইম : 14-06-2026 ইং
  • 1245 বার পঠিত
গাজীপুরে কয়েকটি স্থানে ‘টর্চার সেল’ থাকার অভিযোগ, তদন্তের নির্দেশ
ছবির ক্যাপশন: গাজীপুরে কয়েকটি স্থানে ‘টর্চার সেল’ থাকার অভিযোগ, তদন্তের নির্দেশ


মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বিভিন্ন এলাকায় ‘টর্চার সেল’ গড়ে ওঠার অভিযোগ উঠেছে। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

রবিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্যকালে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, জেলার অন্তত তিন থেকে চারটি স্থানে টর্চার সেল গড়ে উঠেছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” কারা এসব টর্চার সেল পরিচালনা করছে তা দ্রুত খুঁজে বের করতে তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, অপরাধীদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবে অপরাধী শনাক্তকরণের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশি টহল বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, অতীতে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেলেও বর্তমান সরকারের সময়ে এমন কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা