মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক কিশোর অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে ঘাতকরা। সোমবার (১১ মে) দিবাগত রাতে উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শুভ (১৬)। সে নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। শুভ গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করত এবং জীবিকার তাগিদে অটোরিকশা চালাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শুভ প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাতে তিনি আর বাসায় ফিরেননি। মঙ্গলবার (১২ মে) ভোরে এলাকাবাসী উজারপাড়া এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
জিএমপির গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এই ঘটনায় গাছা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘাতকদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে অভিযান শুরু করেছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |