| বঙ্গাব্দ
ad728
ad728

আলীনগর দক্ষিণপাড়ায় জনগণের টাকায় ২ কিলোমিটার রাস্তা, ১৫০ ফুটের জটিলতায় থমকে হাজারো মানুষের আশা

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-৩
  • আপডেট টাইম : 11-06-2026 ইং
  • 309 বার পঠিত
আলীনগর দক্ষিণপাড়ায় জনগণের টাকায় ২ কিলোমিটার রাস্তা, ১৫০ ফুটের জটিলতায় থমকে হাজারো মানুষের আশা
ছবির ক্যাপশন: আলীনগর দক্ষিণপাড়ায় জনগণের টাকায় ২ কিলোমিটার রাস্তা, ১৫০ ফুটের জটিলতায় থমকে হাজারো মানুষের আশা

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলীনগর দক্ষিণপাড়ায় স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে প্রায় ২ কিলোমিটার রাস্তার মাটি ভরাটের কাজ সম্পন্ন হলেও প্রধান সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের শেষ অংশ নিয়ে জটিলতায় পুরো উদ্যোগটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর দক্ষিণপাড়ার বক্স আলী বাড়ি ও সোনার কাজীবাড়ি গোষ্ঠীর লোকজন দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার রাস্তার মাটি ভরাটের কাজ সম্পন্ন করেন। সায়দাবাদ-বাঁশিগাড়ী প্রধান সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রায় ১৫০ ফুট রাস্তা প্রয়োজন হলেও ওই অংশের জমি নিয়ে বিরোধের কারণে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসী জানান, সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় প্রায় ১৫০ ফুট জমির একটি বড় অংশ ইতোমধ্যে সোনাকাজী বাড়ির মো. মাইনুদ্দিন হোসেন জনস্বার্থে রাস্তা নির্মাণের জন্য প্রদান করেছেন। তবে অবশিষ্ট অংশ নিয়ে বিরোধের কারণে পুরো প্রকল্পটি এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হলে বহুদিনের যোগাযোগ সংকট দূর হবে এবং হাজারো মানুষের যাতায়াত সহজ হবে।

এলাকাবাসীর অভিযোগ, অবশিষ্ট অংশের জমির মালিক কালিমা বাড়ির মোঃ ইলিয়াস মিয়া পুত্রগণ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় সোনারকাজী বাড়ির মো. জসিম উদ্দিন, মো. মামুন মিয়া মোঃ আজিজ মিয়া, বক্স আলী বাড়ির মোঃ আকবর আলী, মোঃ লিয়াকত মিয়া, মোঃ রুহুল মিয়া, মোঃ সিন্টু মিয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। স্থানীয়দের দাবি, জনস্বার্থে নেওয়া রাস্তা নির্মাণ উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে এবং তারা বর্তমানে হয়রানির শিকার হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, রাস্তাটি সম্পূর্ণ হলে আলীনগর দক্ষিণপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে আলীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা মোঃ শামীম মিয়া বলেন, “আলীনগর গ্রামটি পাড়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ব্রিটিশ আমল থেকে এ গ্রামের দক্ষিণপাড়ায় কোনো স্থায়ী সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি। প্রায় ৩০০টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে চরম যাতায়াত দুর্ভোগের মধ্যে বসবাস করছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তখন অনেককে বিকল্প পথ না থাকায় অন্যের বাড়ির আঙিনা ও ব্যক্তিগত জমির উপর দিয়ে চলাচল করতে হয়। এতে প্রায়ই প্রতিবেশীদের মধ্যে বিরোধ, ঝগড়া-বিবাদ ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন ঘটনাও ঘটেছে, যখন চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। জনগণের দীর্ঘদিনের এই কষ্ট লাঘবের লক্ষ্যেই স্থানীয়রা নিজেদের অর্থায়নে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন।

এলাকাবাসী আরও জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রায়পুরা-৫ আসনের সংসদ সদস্য স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে আলীনগর বাজার সমিতির সভাপতি মো. মাইন উদ্দিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দীর্ঘদিন ধরে চলমান এ বিরোধের দ্রুত সমাধান না হলে এলাকায় সামাজিক অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা জনস্বার্থে রাস্তার অবশিষ্ট অংশের জটিলতা নিরসনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

 জমির মালিক ইলিয়াস মিয়ার পুত্র গণের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা