ইসমাইল হোসেন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য "ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিযোগিতা"। গত ২৯ মে নিউজ বাংলা অনলাইন পত্রিকার ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই ও চরম উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ী হয় অবিবাহিত দল। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে শত শত দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের দারুণ সব আক্রমণ, গোলের সুযোগ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা করতালি ও উচ্ছ্বাসে মুখর করে রাখেন পুরো মাঠ।
ফুটবল ম্যাচের পাশাপাশি শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা এবং নারীদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ ও নারীদের আনন্দঘন খেলাধুলায় উৎসবের আমেজ আরও বেড়ে যায়। আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও অসংখ্য মানুষ অনুষ্ঠান উপভোগ করতে এসে মিলনমেলায় পরিণত করেন আয়োজনস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান। খেলা শেষে তিনি বিজয়ী অবিবাহিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতি। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
আয়োজকরা জানান, বিনোদনের পাশাপাশি গ্রামের মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারাও প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
দিনব্যাপী আনন্দ-উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত এ আয়োজন পশ্চিম গোবিন্দপুর গ্রামের মানুষের জন্য ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে রাখে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |