মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি:
সিলেটের পর এবার গাজীপুরেও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন।
শনিবার বিকেলে মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুর পর্বের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়াই হবে পেশা, পরিবার পাবে ভরসা”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা তাদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অভিভাবকদের প্রতি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিশু-কিশোর ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। উদ্বোধনী দিনে ৮টি ভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিশু-কিশোররা তাদের প্রতিভার ঝলক দেখায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়ামুখী এই আয়োজন শিশু-কিশোরদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |