নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মধ্যনগর ডাকঘরের আওতাধীন আলিনগর গ্রামের দক্ষিণপাড়ায় দীর্ঘদিন ধরে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আধুনিক ডিজিটাল যুগে এসে এখনও এই এলাকার মানুষকে আদিম যুগের মতো কাঁচা ও দুর্গম পথ দিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিনগর দক্ষিণপাড়ায় প্রায় ৩০০টি পরিবারের বসবাস। বর্ষা মৌসুম এলেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। কাদায় ভরা রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে এ রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সমস্যাটি রয়ে গেছে অবহেলিত অবস্থায়।
রাস্তার অভাবে অনেক সময় স্থানীয়দের একে অন্যের বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে হয়, যা নিয়ে প্রায়ই বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানান এলাকাবাসী। এতে সামাজিক অস্থিরতাও বাড়ছে।
এলাকাবাসীর দাবি, কিছু প্রভাবশালী অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থে রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করছে, যার ফলে উন্নয়ন কার্যক্রম থমকে আছে। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান।
স্থানীয়দের আহ্বান, সংশ্লিষ্ট সংসদ সদস্য ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত এই রাস্তা পাকা করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।
একবিংশ শতাব্দীর উন্নয়নের ধারায় পিছিয়ে থাকা এ ধরনের অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান করা না হলে গ্রামীণ জীবনের স্বাভাবিক গতি ব্যাহতই থাকবে। তাই আলিনগর দক্ষিণপাড়ার মানুষের ন্যায্য দাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |