ইসমাইল হোসেন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গোবিন্দপুর বাজারে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টায় “মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোবিন্দপুর এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক মোতালেব হোসেন, আফজাল হোসেন, সুলতানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, “তরুণরাই সমাজের অহংকার। তাদের মাদকমুক্ত রাখতে হলে খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করতে হবে।”
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করলেই যুবসমাজ মাদকের অন্ধকার থেকে বের হয়ে আসতে পারবে। দেশপ্রেমই মাদকের সবচেয়ে বড় প্রতিষেধক।”
অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন শুধু পুলিশ-প্রশাসনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার নাগরিক দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।”
এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হোসেন বলেন, “প্রতি স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে ‘মাদকমুক্ত সমাজ চাই’ এই বার্তা পৌঁছে দিতে হবে। সচেতনতাই পারে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে।”
বক্তারা আরও বলেন, যুবসমাজকে পড়ালেখা, খেলাধুলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী গণসচেতনতা তৈরিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্লোগান: 🚫 মাদক নয়, জীবন হ্যাঁ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |