মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে পরিকল্পিতভাবে হেনস্তা, ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে জেলা প্রশাসক কার্যালয়র সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুরের সাংবাদিক সমাজ, গাজীপুর সদর প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে অজ্ঞাত পরিচয়ধারী এক নারীকে দিয়ে পরিকল্পিতভাবে হেনস্তা করানো হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার চরিত্র হননের অপচেষ্টা চালানো হয়েছে। বক্তারা দাবি করেন, এটি শুধু আসাদুজ্জামানের ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং পুরো সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল।
বক্তারা ঘটনার বিবরণ দিয়ে জানান, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে গাজীপুরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৪ মার্চ সকালে এক বোরকা পরিহিত নারী তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে হান্নান মোল্লা ও লতিফ সরকার টুটুলসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করেন। তাদের উপস্থিতি এবং তাৎক্ষণিক ভিডিও ধারণের ঘটনাই প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা।
ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, ২০২৪ সাল থেকে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে আসছে। এ ঘটনায় তিনি থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া হান্নান মোল্লার বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে দুই কোটি টাকার একটি মানহানি মামলা (সিআর নং–৫৭২/২০২৪) বিচারাধীন রয়েছে। মামলা থেকে পরিত্রাণ পেতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের ‘নারী কেলেঙ্কারি’র অপকৌশল সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, অভিযুক্ত লতিফ সরকার টুটুল সদর মেট্রো থানায় দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী মামলার (নং–১৯(০৮)২৪) আসামি।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে ষড়যন্ত্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি এবি সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট নাহিন মমতাজি, গাজী মামুন, ইব্রাহিম, খালেকুজ্জামান এবং ডা. সানাউল্লাহ জহিরুল হকসহ আরও অনেকে। এ সময় জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |