মনির হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। রবিবার সকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসানকে সঙ্গে নিয়ে মহানগরের বৃহত্তর জয়দেবপুর বাজার পরিদর্শন করেন।
এ সময় তারা বাজারের বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সকাল থেকেই প্রশাসনের এই টিম গাজীপুরের ব্যস্ততম জয়দেবপুর ও চৌরাস্তা এলাকার বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান, মাছের আড়ত, মাংস ও মুরগির দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বাজারে পণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, সঠিক ওজন ব্যবহার করা হচ্ছে কিনা এবং পণ্যের মান ঠিক আছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদও পরীক্ষা করেন প্রশাসক।
এ সময় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে যেন কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় বা অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিত বাজার মনিটরিং করছে।
তিনি বলেন, “আমরা চাই রমজান মাসে সাধারণ মানুষ যেন স্বস্তিতে নিত্যপণ্য কিনতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে বা কোনো ধরনের অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, রমজান সংযমের মাস। তাই এ সময়ে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা উচিত। এতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সিটি কর্পোরেশন প্রশাসন, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের মূল্যতালিকা টানানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এসব নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীও প্রশাসকের সঙ্গে বাজার তদারকি কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, রমজানজুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |