মোঃ মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের দায় শোধ করেছিলেন। সে সময় বহু সিনিয়র সেনা কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিক থাকলেও দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস কেউ দেখাতে পারেননি। সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষণা শুধু একটি বাক্য ছিল না, বরং তা ছিল মুক্তিকামী বাঙালির জন্য এক শক্তিশালী প্রেরণা ও আহ্বান। মেজর জিয়ার ঘোষণার পরই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে।”
ড. রিপন বলেন, “শহীদ জিয়াউর রহমান সততা, দেশপ্রেম ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর রাজনৈতিক জীবনে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি। এ কারণে আমরা তাঁর আদর্শের কর্মী হিসেবে গর্ববোধ করি। জনগণের সেবা ও সততার রাজনীতি অব্যাহত রাখতে পারলে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখবে।”
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক শাফিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন মোতালেব হোসেন, আবু তাহের মুসুল্লী, নুরু শিকদার, খন্দকার আজিজুর রহমান পেরা, আজাদ মণ্ডল, মাহমুদ সরকার, হুমায়ুন কবির সরকার, খালেকুজ্জামান বাবলু, বিল্লাল ব্যাপারী, ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দ, মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি, যুবদল নেতা আতাউর রহমান মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না এবং ছাত্রদল নেতা সোহাগ হোসেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |