গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সকাল ১০টার দিকে ডুয়েট ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ উঠেছে, সাবেক ভিসি জয়নাল আবেদীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী রফিকের প্ররোচনায় শিবিরের ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক তাসনীমের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেয় এবং গেটে তালা লাগিয়ে দেয়।
এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ডিসি রবিউল, সদর থানার ওসি (তদন্ত) মেহেদী, সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, সাংবাদিক দেলোয়ারসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন।
বর্তমানে ডুয়েট ক্যাম্পাস ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |