| বঙ্গাব্দ
ad728
ad728

বারবার উচ্ছেদ, বারবার দখল—কাদের ছত্রছায়ায় গাজীপুরের ফুটপাত?

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 28-08-2026 ইং
  • 176 বার পঠিত
বারবার উচ্ছেদ, বারবার দখল—কাদের ছত্রছায়ায় গাজীপুরের ফুটপাত?
ছবির ক্যাপশন: বারবার উচ্ছেদ, বারবার দখল—কাদের ছত্রছায়ায় গাজীপুরের ফুটপাত?

মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের ব্যস্ততম জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই আবারও ফুটপাতে বসতে শুরু করেছেন হকাররা। এর আগে একই এলাকায় একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযান শেষ হওয়ার পরপরই পুনরায় ফুটপাত দখলের অভিযোগ রয়েছে। এতে বারবার অভিযান পরিচালনা করেও স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “রাজবাড়ী রোডের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে এখানে কোনো দোকানপাট বসানো কিংবা গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং গাজীপুর শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি উচ্ছেদ করা এলাকা নিয়মিত তদারক করে দখলমুক্ত রাখার জন্য সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। পাশাপাশি কেউ নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করলে পর্যায়ক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

প্রশাসক আরও বলেন, “শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, উচ্ছেদ করা জায়গা যাতে আবার দখল না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। নগরবাসীর চলাচলের অধিকার রক্ষায় সিটি কর্পোরেশন নিয়মিত নজরদারি করবে। ব্যবসায়ী ও হকারদেরও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মাহমুদ ফিরোজ আল মামুন বলেন, নগরবাসীর স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবারের অভিযানে শতাধিক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত দখল করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

আধা ঘণ্টার মধ্যেই ফের দখল

তবে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই হকাররা আবারও ফুটপাতে পসরা সাজিয়ে বসতে শুরু করেন। এর আগে একই এলাকায় কয়েক দফা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে আবারও হকাররা ফিরে এসে ফুটপাত দখল করে নেন।

ফলে পথচারীদের অনেক সময় ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে ব্যস্ত সড়কে যানজটের পাশাপাশি সৃষ্টি হয় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।

নগরবাসীর দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। উচ্ছেদের পর নিয়মিত নজরদারি, পুনরায় দখলকারীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনানুগ ব্যবস্থা এবং হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তাদের মতে, উচ্ছেদের পর আবারও যদি ফুটপাত দখলের সুযোগ তৈরি হয়, তাহলে সরকারি অর্থ ও জনবল ব্যয় করে পরিচালিত অভিযান কাঙ্ক্ষিত ফল দেবে না। বরং একই এলাকায় বারবার অভিযান পরিচালনার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত স্থায়ীভাবে পথচারীদের জন্য উন্মুক্ত রাখা গেলে মানুষের চলাচল নিরাপদ হবে। একই সঙ্গে সড়কে যানবাহনের চাপ ও যানজটও অনেকটা কমে আসবে।

অভিযানকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে সচিব (ভারপ্রাপ্ত) মাহমুদ ফিরোজ আল মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা