| বঙ্গাব্দ
ad728
ad728

হাওর সামিট ২০২৬: দেখা, শেখা, বলা এবং হাওরের জন্য নতুন প্রত্যাশা

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 23-08-2026 ইং
  • 129 বার পঠিত
হাওর সামিট ২০২৬: দেখা, শেখা, বলা এবং হাওরের জন্য নতুন প্রত্যাশা
ছবির ক্যাপশন: হাওর সামিট ২০২৬: দেখা, শেখা, বলা এবং হাওরের জন্য নতুন প্রত্যাশা

মনির হোসেন সরকার গাজীপুর প্রতিনিধি 


গত বৃহস্পতিবার থেকে রবিবার—টানা চার দিনব্যাপী আয়োজিত হাওর সামিট ২০২৬-এ তিন দিন অংশ নেওয়ার সুযোগ হলো। হাওরকে ঘিরে কাজ করা পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গবেষক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের এই মিলনমেলায় তিনটি দিন আমার জন্য ছিল দেখা, শেখা, ভাবা এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এক অসাধারণ সুযোগ।


দীর্ঘ নদীপথের যাত্রায় যেমন ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতা, তেমনি সামিটের প্রতিটি আয়োজন থেকে হাওর সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে।


সামিটের বিভিন্ন সেশনে হাওরের পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, মানুষের জীবন-জীবিকা, পর্যটন, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও গবেষণাভিত্তিক উপস্থাপনা হয়েছে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার উপস্থাপনাসহ বিভিন্ন গবেষক ও বিজ্ঞানীর গবেষণাভিত্তিক আলোচনা থেকে হাওরের নানা বিষয়কে নতুনভাবে জানা ও বোঝার সুযোগ পেয়েছি। পর্যটন ও স্টোরিটেলিং নিয়েও ছিল চমৎকার কিছু সেশন। বিশেষ করে নজরুল ভাইয়ের পর্যটনবিষয়ক সেশনটি হাওরের পর্যটনকে শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবে নয়, বরং পরিবেশ, সংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত করে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।


সামিটে আমার নিজেরও ‘Life in the Haor’ বিষয়ক একটি উপস্থাপনা ছিল। একাডেমিক গবেষণার পাশাপাশি একজন স্থানীয় হাওরকর্মী হিসেবে মাঠে দেখা হাওরের মানুষের জীবন, সংগ্রাম, পরিবেশগত পরিবর্তন, জীবিকা, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি।


সরকারের পানিসম্পদ গবেষণাবিষয়ক সংস্থা WARPO-এর বৈজ্ঞানিক গবেষক জনাব হাসান শাহরিয়ারের উপস্থাপনাটিও ছিল অত্যন্ত তথ্যবহুল। তাঁর উপস্থাপনা থেকে হাওর নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও গবেষণামূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার সুযোগ হয়েছে। একইভাবে তরুপল্লবের মোকাররম হোসেন ভাইয়ের উপস্থাপনাও ছিল অত্যন্ত সমৃদ্ধ ও তথ্যবহুল।


এই সামিটের সবচেয়ে আশাব্যঞ্জক দিক ছিল—প্রায় সবাই কোনো না কোনোভাবে হাওরের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং হাওরের মানুষের জীবন-জীবিকা রক্ষায় নিজেদের অঙ্গীকারের কথা বলেছেন।


তবে শুধু আলোচনা, গবেষণা কিংবা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।


গবেষকদের গবেষণার ফলাফল যদি নীতিনির্ধারকদের কাছে পৌঁছায়, গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে যদি কার্যকর নীতি ও দিকনির্দেশনা তৈরি হয় এবং সেই নীতিগুলো যদি মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়—তাহলেই হাওরের জন্য সত্যিকারের ইতিবাচক পরিবর্তন সম্ভব।


হাওর শুধু একটি জলাভূমি নয়। এটি লাখো মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটি অনন্য প্রতিবেশব্যবস্থা। তাই হাওরকে বাঁচাতে হলে প্রকৃতি ও মানুষ—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।


তবে একটি বিষয় মনে হয়েছে—এই সামিটে সুনামগঞ্জ ও হাওর এলাকার মাঠপর্যায়ের আরও বেশি প্রতিনিধি থাকলে আলোচনা আরও সমৃদ্ধ হতে পারত। কারণ হাওরের বাস্তব সংকট সবচেয়ে কাছ থেকে দেখেন যাঁরা, তাঁদের অভিজ্ঞতা গবেষক ও নীতিনির্ধারকদের আলোচনায় আরও বেশি জায়গা পাওয়া জরুরি।


তিন দিনের এই সফর থেকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি এবং নিজের অভিজ্ঞতা ও ভাবনা প্রকাশের সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় কথা, হাওরকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এক জায়গায় এসে ভাবতে ও কথা বলতে দেখে নতুন আশাবাদ তৈরি হয়েছে।


দেশজুড়ে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা অনেক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে অনেক নতুন বন্ধুত্ব ও পরিচয়। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য, খ্যাতিমান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার সান্নিধ্য পাওয়া ছিল বাড়তি অনুপ্রেরণার।


এত সুন্দর ও পরিপূর্ণ আয়োজন দেখে মনে হয়েছে, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এ বছর জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মনির ভাইকে পরিবেশের পাশাপাশি ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর ওপরও একটি পদক দেওয়া উচিত! তাঁর এই আয়োজনের প্রশংসা করতেই হয়।


আরও অনেকের কথা লিখতে ইচ্ছে করছে। কিন্তু তাহলে লেখাটি হয়তো আরও দীর্ঘ হয়ে যাবে।


সবশেষে একটি প্রত্যাশাই থাক—


আলোচনা থেকে গবেষণা, গবেষণা থেকে নীতি, আর নীতি থেকে বাস্তব পরিবর্তন—এই পথেই এগিয়ে যাক হাওর সংরক্ষণের আন্দোলন।


হাওরের জন্য যারা কাজ করছেন, গবেষণা করছেন, কথা বলছেন এবং স্বপ্ন দেখছেন—সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।


হাওর বাঁচুক, হাওরের মানুষ বাঁচুক।

প্রকৃতি ও মানুষের সহাবস্থানেই গড়ে উঠুক হাওরের ভবিষ্যৎ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা