বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তিনি অভিযোগ করেন, ওই রাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর নৃশংস দমন-পীড়ন চালানো হয়েছিল, যা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সোমবার (৫ মে) বাংলাদেশ লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘদিন ধরে শাপলা চত্বরের ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করা হয়েছে। এখন সময় এসেছে একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার। তিনি বলেন, কারা ওই অভিযানের নির্দেশ দিয়েছিল, কতজন মানুষ নিহত, আহত ও নিখোঁজ হয়েছিল এবং কীভাবে অভিযান পরিচালিত হয়েছিল—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে যেভাবে অভিযান পরিচালিত হয়েছিল, তা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। তাঁর দাবি, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. ইরান বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধী মত দমনের সংস্কৃতি দেশে মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শাপলা চত্বরের ঘটনা সেই দমনমূলক রাজনীতির একটি নির্মম উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |