| বঙ্গাব্দ
ad728
ad728

জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 31-03-2026 ইং
  • 113 বার পঠিত
জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক
ছবির ক্যাপশন: জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক

মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ দূর করতে শুরু হয়েছে বৃহৎ পরিসরের কার্যক্রম। নগরীর গুরুত্বপূর্ণ জলাধার ‘চিলাই খাল’ পুনঃখনন ও অবৈধ দখলমুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) প্রশাসন।

মঙ্গলবার সকালে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজের উদ্বোধন করেন গাসিক প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে মাটি কেটে প্রকল্পের সূচনা করেন।

এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে একটি জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। চিলাই খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে মহানগরের ১৯টি খাল দখলমুক্ত ও সংস্কার করা হবে।”

তিনি আরও জানান, আগামী ৬ মাসের মধ্যে চিলাই খালকে একটি আধুনিক ও নান্দনিক রূপ দেওয়া হবে। প্রকল্পের আওতায় খালের গভীরতা বৃদ্ধি, পানির প্রবাহ সচল রাখা, খালের দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষরোপণ এবং শিল্পকারখানার বর্জ্য যাতে সরাসরি খালে না পড়ে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন নিশ্চিত করা হবে।

একই দিনে গাজীপুর চৌরাস্তায় প্রধান ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও শুরু করা হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা আশা করছেন, চিলাই খালসহ আশপাশের শাখা খালগুলো সচল হলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বসাক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নগরবাসীর প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীপুর পাবে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর রূপ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা