| বঙ্গাব্দ
ad728
ad728

গাছা খাল উন্নয়নে ৮ কোটি ৪৫ লাখ টাকার মেগা প্রকল্প উদ্বোধন

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 16-03-2026 ইং
  • 706 বার পঠিত
গাছা খাল উন্নয়নে ৮ কোটি ৪৫ লাখ টাকার মেগা প্রকল্প উদ্বোধন
ছবির ক্যাপশন: গাছা খাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম; উপস্থিত ছিলেন এমপি এম এ মঞ্জুর করিম রনি।

মেহেদী হাসান, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার পরিবেশ সুরক্ষা ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে ‘গাছা খাল উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন’ প্রকল্পের কাজ। ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই তীরে গড়ে তোলা হবে আধুনিক ও দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খালটির পুনঃখনন ও উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,

“নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮০ দিনের মধ্যে ১,০০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় প্রতিটি খালের তীরে তালগাছ রোপণ করা হবে।”

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ গাছা খালের ব্যাপক সংস্কার করা হবে। এর মধ্যে ৫ কিলোমিটার খাল পুনঃখনন এবং ৯ দশমিক ৫ কিলোমিটার এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করা হবে।

এছাড়া খালের দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নির্মাণ করা হবে আধুনিক ওয়াকওয়ে (চলাচলের পথ), বসার বেঞ্চ ও নান্দনিক অবকাঠামো। ভাঙনরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের দুই পাড়জুড়ে ব্যাপক বনায়ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি ২০২৭ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে এম এ মঞ্জুর করিম রনি, সংসদ সদস্য (এমপি)সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা