মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, গাজীপুরের বাইমাইল এলাকা থেকে নয়, রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পিচ্চি রাজা পালিয়েছেন। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যের যোগসাজশের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার।
সোমবার সকালে জিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
পুলিশ কমিশনার জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোন তাসলিমা, প্রিজন ভ্যানের স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার এবং চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
যেভাবে পালিয়ে যান পিচ্চি রাজা
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাদের কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে ঘটনাটি ঘটে।
পুলিশের তদন্ত অনুযায়ী, ঢাকা জেলা জজ আদালত থেকে ২৯ আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি কাশিমপুরের উদ্দেশে রওনা দেয়। পথে রাজধানীর তাঁতীবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রিজন ভ্যানটি থামানো হয়।
সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজন ভ্যানের চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে সামনের দিকে নিয়ে যাওয়া হয়।
খাইরুল বাশারকে পরে ভ্যানের চালকের পাশের আসনে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার আর ভ্যানে ওঠেননি। পুলিশের তদন্তে দাবি করা হয়েছে, ওই সময় ঘটনাস্থলের কাছে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজা পালিয়ে যান।
বাইমাইলে সাজানো হয় পালানোর ঘটনা
তদন্তে আরও উঠে এসেছে, তাঁতীবাজার থেকে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার পর এসআই প্রবীর কুমার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় গিয়ে আবার প্রিজন ভ্যানে ওঠেন।
এরপর পিচ্চি রাজা বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন—এমন একটি ঘটনা সাজানো হয় বলে তদন্তে উঠে এসেছে।
তবে শুরুতে দায়ের করা মামলায় বলা হয়েছিল, রাত সাড়ে ৮টার দিকে প্রিজন ভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে এসআই প্রদীপ কুমার পিচ্চি রাজাকে টয়লেট করানোর জন্য গাড়ি থেকে নামান। এ সময় সুযোগ নিয়ে পিচ্চি রাজা দৌড়ে পালিয়ে যান।
পরবর্তীতে তদন্তে ওই ঘটনার সঙ্গে ভিন্ন চিত্র উঠে আসে বলে জানিয়েছে পুলিশ।
তিনজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
পুলিশ কমিশনার জানান, তদন্তকারী দল বিভিন্ন সাক্ষ্য, আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছে। এর ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার ও নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |