মোঃ মনির হোসেন সরকার গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের রাউতকোনা গ্রাম এলাকায় একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), বড় মেয়ে মীম (১৫), মেজো মেয়ে মারিয়া (৮), ছোট ছেলে ফরিদ (২) এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান মিয়া পেশায় একজন প্রাইভেটকার চালক। তিনি প্রায় এক বছর ধরে পরিবার নিয়ে প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। শনিবার সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয়রা জানান, ঘটনার পর ফোরকান মিয়া নিহতদের স্বজনদের ফোন করে বিষয়টি জানিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত শারমিন পূর্বে একাধিক বিয়ে করেছিলেন এবং বর্তমান স্বামী ফোরকানের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। এছাড়া নিহত তিন শিশু ফোরকানের জৈবিক সন্তান নয় বলেও দাবি করেছেন স্থানীয়রা; তারা শারমিনের আগের স্বামীর সন্তান।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পলাতক ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |