| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, পিকআপ ভ্যানে আগুন

রিপোর্টারের নামঃ নিজস্ব প্রতিবেদক-১
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 1291 বার পঠিত
গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, পিকআপ ভ্যানে আগুন
ছবির ক্যাপশন: গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, পিকআপ ভ্যানে আগুন

মোঃ মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঘচালা এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোরচক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৪০ বছরের কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসী সতর্ক অবস্থানে ছিল। শনিবার দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র নীল রঙের একটি পিকআপ ভ্যান নিয়ে বাঘচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গণপিটুনিতে আহত তিনজনেরই মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান বলেন, হাসপাতালে নেওয়ার পর আহত দুজন নিজেদের পরিচয় দিলেও পরে তা যাচাই করে সঠিক পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে এবং প্রযুক্তির মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় চুরির চেষ্টার অভিযোগে একটি এবং গণপিটুনির ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা